দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ডিস্টিলারি বিভাগে সরবরাহ করা কার্টনের মান নিয়ে আপত্তি উঠেছে। মান নিয়ে অসন্তোষের কারণে ঢাকার সাউথটেক কোম্পানির সরবরাহ করা কার্টনভর্তি একটি ট্রাক গ্রহণ না করে ফেরত পাঠিয়েছে কেরু কর্তৃপক্ষ।
কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগে উৎপাদিত বিভিন্ন পণ্য প্যাকেজিংয়ের কাজে কার্টন ব্যবহার করা হয়। এসব কার্টন সরবরাহের জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়ে থাকে। চলতি অর্থবছরেও দরপত্রের মাধ্যমে সাউথটেক কোম্পানি কার্টন সরবরাহের দায়িত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, সরবরাহ কার্যক্রম শুরুর পর থেকেই কার্টনের মান নিয়ে আপত্তি ওঠে। বিষয়টি নিয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানকে একাধিকবার অবহিত ও সতর্ক করা হলেও একই ধরনের সমস্যা অব্যাহত ছিল বলে দাবি তাদের।
এরই মধ্যে গত বৃহস্পতিবার সাউথটেকের কার্টনবোঝাই একটি ট্রাক কেরুর ডিস্টিলারি বিভাগে পৌঁছায়। কার্টন নামানোর সময় মান নিয়ে আপত্তি দেখা দিলে কর্তৃপক্ষ সরবরাহ গ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। পরে পুরো চালানটি ট্রাকসহ ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে সাউথটেক কোম্পানির এক্সিকিউটিভ অফিসার সাইফুল ইসলাম তপন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারখানায় বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে। এ কারণে কার্টনগুলো কিছুটা নরম হয়ে গেছে। দু-একদিন গুদামে রাখলে কার্টনগুলো স্বাভাবিক হয়ে যাবে।
কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম-ডিস্টিলারি) রাজিবুল হাসান বলেন, সরবরাহ করা কার্টনের মান ভালো না হওয়ায় সেগুলো গ্রহণ করা হয়নি। এ কারণে কার্টনগুলো ফেরত পাঠানো হয়েছে।
কার্টনের মান নিয়ে বারবার আপত্তি ওঠার ঘটনায় সরবরাহকৃত পণ্যের গুণগত মান পরীক্ষা এবং চুক্তির নির্ধারিত শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সরবরাহের প্রতিটি চালান যথাযথভাবে মান যাচাই করে গ্রহণ করা প্রয়োজন।