চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর এলাকায় কয়েকটি বড় কড়ই গাছের শুকনো ও ঝুঁকিপূর্ণ ডাল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যেকোনো সময় ডাল ভেঙে ব্যস্ত সড়কে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গাছগুলোর বড় কয়েকটি ডাল শুকিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝড়-বৃষ্টির সময় এসব ডাল সড়কে পড়ে যানবাহন ও পথচারীদের জন্য বিপদ তৈরি করতে পারে।
এদিকে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মহিউদ্দিন, জেলা যুবদল নেতা জহুরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান সুমন। তাদের দাবি, দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘটনাস্থল পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ডাল অপসারণ করা উচিত।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ব্যস্ত এই সড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।