ঝিনাইদহ প্রতিনিধি: নির্মাণশ্রমিকের চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে গিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে একটি রিক্রুটিং চক্রের বিরুদ্ধে। সেখানে ড্রোন হামলায় আহত হয়ে প্রায় সাড়ে তিন মাস পর দেশে ফিরেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামের রাজন হোসেন (২২)।

রাজনের ভাষ্য, গত ৭ মে তাকে আরও ২৯ বাংলাদেশির সঙ্গে রাশিয়ায় নেওয়া হয়। সেখানে বিভিন্ন কাগজে স্বাক্ষর নেওয়ার পর কাজের কথা বলে একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

তিনি জানান, যুদ্ধের প্রথম দিনেই ড্রোন হামলায় তিনি আহত হন। এরপর চলাফেরার সক্ষমতা হারিয়ে কয়েক দিন কষ্ট করে একটি হাসপাতালে পৌঁছান। পরে রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ দূতাবাসের সহায়তা পান। গত ২১ আগস্ট ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরেন তিনি।

রাজনের বাবা আব্দুল কাদেরের অভিযোগ, ছেলেকে বিদেশে পাঠাতে ধারদেনা করে ৮ লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল। নির্মাণশ্রমিকের চাকরির আশ্বাস দেওয়া হলেও তাকে যুদ্ধে পাঠানো হয়। বর্তমানে ছেলের চিকিৎসার খরচ বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযুক্ত লেন্টু হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাগ্নে সোহেলের মাধ্যমে রাজনকে রাশিয়ায় পাঠানো হয়েছিল এবং তাকে সরকারিভাবেই পাঠানো হয়েছে।

রাজনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। একই সঙ্গে বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালদের মাধ্যমে প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।