শার্শা (যশোর) সংবাদদাতা: যশোরের শার্শায় সংঘবদ্ধ কুকুরের আক্রমণে এক ঘণ্টার ব্যবধানে প্রায় ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আমড়াখালী ও কাগমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে একদল কুকুর রেললাইন পার হয়ে আমড়াখালী গ্রামে ঢুকে পথচারী ও স্থানীয়দের ওপর আকস্মিকভাবে হামলা চালায়। পরে কাগমারী এলাকাতেও কয়েকজনকে কামড়ায়। এতে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত হন।
আহতদের মধ্যে আমড়াখালী গ্রামের সোহান হোসেন (২৯), সিরাজুল ইসলাম (৪৫), মোরশেদ আলী (৫০), মহিউদ্দিন (৫৫), কবির হোসেন (৩৫), আছিয়া খাতুন (৩৫), বাছিরুন নেছা (৪৫) এবং কাগমারী গ্রামের আনোয়ারা খাতুন (৪৫) রয়েছেন।
আমড়াখালী গ্রামের জাহান আলী বলেন, কুকুরের আক্রমণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার কারণে অনেকে শিশুদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন। দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, কুকুরের কামড় জলাতঙ্কের ঝুঁকি তৈরি করতে পারে। পোষা কুকুরকে নিয়মিত জলাতঙ্কের টিকা দেওয়ার পাশাপাশি আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা ও সরকারি জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। কুকুর কামড়ালে ক্ষতস্থান দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রয়োজনীয় টিকার ডোজ সম্পন্ন করার পরামর্শ দেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি টিকার পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তিনি।