গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালে ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা, মারধর, আটকে রাখা এবং মোবাইল ফোন ও সরঞ্জাম নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ আগস্ট) ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি এবং দৈনিক খবরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি তারিক।

সাংবাদিকদের অভিযোগ, পরীক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে তারা কেন্দ্রে যান। সেখানে বিষয়টি ভিডিও ধারণের সময় কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ দুই শিক্ষক তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। এ সময় দুটি মোবাইল ফোন ও একটি বুম মাইক্রোফোন নিয়ে যাওয়ার এবং পরে একটি কক্ষে আটকে রাখার অভিযোগও করেছেন তারা।

পরে সেখান থেকে বের হয়ে আহত দুই সাংবাদিক গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এরপর আইনগত ব্যবস্থা নিতে থানায় যান।

ঘটনার বিষয়ে গাংনী থানার ওসি মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। হামলা, আটকে রাখা এবং মোবাইল বা সরঞ্জাম নেওয়ার ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হবে। সম্পৃক্ততা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। তবে অভিযোগের বিষয়ে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।