কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ভাই আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রাখালগাছি ইউনিয়নের বকেরগাছি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বকেরগাছি এলাকার আনোয়ার হোসেন ও তার ভাই মিজানুর রহমান। স্থানীয়রা জানান, সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালালে ছুরিকাঘাতে দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কালীগঞ্জে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিএনপির একটি অংশ প্রতিবাদ মিছিল বের করে। এরপর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় সন্ধ্যায় বকেরগাছি বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।