দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ায় বৈদ্যুতিক পানির মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম ওরফে বরু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে লোকনাথপুর পশ্চিমপাড়ার কেরামত আলীর বাড়ির টিউবওয়েলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বাড়ির গৃহবধূ মারুফা বেগম ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে টিউবওয়েলের কাছে গেলে বৈদ্যুতিক মোটরের তারের সঙ্গে এক ব্যক্তিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় পানির মোটর চুরি করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে শরিফুল বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ ঘটনায় বাড়ির মালিক কেরামত আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।