যশোর সংবাদদাতা।।
যশোরের বাঘারপাড়ায় অবৈধভাবে রাসায়নিক সার পাচারের অভিযোগে তিন ব্যাক্তিকে জরিমানা ও ৩৮ বস্তা সার জব্দ করা হয়েছে।

শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া বাজারে এ সার জব্দ করা হয়। এসময় মোবাইল কোর্ট বসিয়ে আটক ব্যাক্তিদের ৪৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। একই সময়ে জব্দকৃত সার উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।

এদিন মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাদকাসক্ত যুবককে জেল ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

আটক সার ব্যবসায়ীরা হলেন, দশপাখিয়া বাজারের খুচরা সার বিক্রেতা সাহেব কুন্ডু, নারিকেলবাড়িয়া বাজারের খুচরা সার ব্যবসায়ী উজ্জ্বল সাহা এবং ভ্যানচালক মোহম্মদ তানভির। মোবাইল কোর্টের প্রসিকিউটর ও বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার কিছু সময় আগে দশপাখিয়া বাজার থেকে খবর আসে বেশ কয়েক বস্তা সারসহ তিনজন পাচারকারীকে আটক করেছে জনতা।

ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই সার ব্যসায়ী ও এক ভ্যানচালককে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২৩ বস্তা ডিএপি ও ১৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে।

বাঘারপাড়ায় পাচারের সময় ৩৮ বস্তা সার জব্দ, ৩ জনের জেল-জরিমানা

বাঘারপাড়ায় পাচারের সময় ৩৮ বস্তা সার জব্দ, ৩ জনের জেল-জরিমানা

এসময় মোবাইল কোর্টের মাধ্যমে উজ্জ্বল সাহাকে ১৫ হাজার টাকা এবং সাহেব কুন্ডু ও মো. তানভিরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারদন্ড দেওয়া হয়।

একই সাথে জব্দকৃত সার উপস্থিত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবে বলে আদালতে লিখিত মুচলেকা দেন দুই সার ব্যবসায়ী। তিনি আরো জানান, এদিন সাড়ে ৭টার দিকে ভ্যানযোগে দশপাখিয়া বাজার থেকে এ সার নারিকেলবাড়িয়া বাজারে নেওয়া হচ্ছিল। এসময় বাজারে থাকা লোকদের সন্দেহ হলে সারবোঝাই ভ্যানকে আটক করে প্রশাসনকে জানায়। তবে এ সার কোন স্থান থেকে ব্যবসায়ীরা সংগ্রহ করেছিলো তা জানাতে পারেননি আদালতের এ প্রসিকিউটর।