কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের দিন ও রাতব্যাপী বিশেষ মাদক ও অপরাধবিরোধী অভিযানে এক মাদকসেবীকে গ্রেপ্তারের পর আদালত ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। একই সময়ে জনসম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও এক যুবককে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মো. হৃদয় শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার শিবনগর দাসপাড়া এলাকার মো. সায়েদ আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত হৃদয় শেখকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের মাছের আড়তের সামনে পাকা সড়কে উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণকে অশালীন ভাষায় গালিগালাজ এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. আলামিন (২০) নামে এক যুবককে আটক করে পুলিশ। তিনি কালীগঞ্জ উপজেলার আড়পাড়া নদীপাড়া এলাকার মো. মিজানুর রহমানের ছেলে। পরে পুলিশ আইনের ৩৪ ধারায় তাকে আটক দেখিয়ে কালীগঞ্জ থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৭৫ (তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৬) মূলে বিজ্ঞ আদালতে পাঠায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।