মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতা।।
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে সিআর মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামি এবং জিআর পরোয়ানাভুক্ত এক শিশু আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এএসআই (নিঃ) মো. সাহিদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মহেশপুর থানার খালিশপুর পোস্টের গোয়ালহুদা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের (Negotiable Instruments Act) ১৩৮ ধারায় সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. মিজানুর রহমান (৪৬)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিআর সাজা-৪৮/১৯ ও এসসি-৮৬১/১৯ নম্বর মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মৃত জব্বারের ছেলে।
অপরদিকে, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এএসআই (নিঃ) মো. শরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কৃষ্ণচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মহেশ জিআর-১৪৬/২৬ নম্বর মামলার জিআর পরোয়ানাভুক্ত আইনের সংঘাতে জড়িত শিশু আসামি মো. রানা (১৭)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে স্থানীয় মো. মসিয়ারের ছেলে।
গ্রেপ্তারকৃত উভয় আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি মহেশপুর থানার অফিসার ইনচার্জ মো. আজাদ রহমান নিশ্চিত করেছেন।