মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (ঈঞ্চগড়) প্রতিনিধি।। দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে তরুণ সমাজকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সদস্য, গার্লস গাইড, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবক সম্মিলিতভাবে কাজ করলে দেশকে পুনর্গঠনের পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতিও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লজায় দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপি জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার প্রেস কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানের অংশ হিসেবে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ভার্চুয়ালী যুক্ত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সকল শ্রেণি-পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং অনুষ্ঠানটি উপভোগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যে পরিবর্তন ঘটাতে পারে তা ২০২৪ সালের ৫ আগস্ট তারা সারা বিশ্বকে দেখিয়েছে। পরিবর্তনের সূচনাও তরুণ সমাজই করেছে। তিনি বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষ যদি দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসে, তাহলে কেউ তাদের ঠেকিয়ে রাখতে পারবে না। দেশ কিভাবে গড়ে তোলা হবে, সে দায়িত্ব তরুণদের নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নিজের স্বাস্থ্য, পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কাজটি কঠিন নয়। প্রত্যেক মানুষ প্রতি সপ্তাহে মাত্র এক ঘন্টা করে নিজের বাসা, কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আশপাশের এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করার কাজে সময় দিলে পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্ভব। প্রধানমন্ত্রী কতর্ৃক আনুষ্ঠানিক উদ্বোধনের পরে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ফাহমিদা সুলতানা’র সভাপতিত্বে প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি,র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কাউট, গার্লস গাইড, বিডি ক্লিনের সদস্যবৃন্দ, পরিচ্ছন্নতাকর্মীরা , স্বেচ্ছাসেবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গ্ররুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের মূল লক্ষ্য- ‘ পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ’। পরে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক সমন্বিত উদ্যোগে তিন মাসব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু করা হয়। এ অভিযান চলবে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।।