দৈনিক পদ্মা সংবাদ ডটকম ডেস্ক:

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী নিয়ে নিখোঁজ হওয়া একটি জাহাজ থেকে ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে এক নারী মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন ১৪০ জন। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ভার্গোট ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটি পূর্ব জাভা থেকে বোর্নিওর উদ্দেশে যাত্রা করে। সুরাবায়া থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। এরপর জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উদ্ধারকারী দলের প্রধান পুতু সুদন্যা জানান, ১০৩ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে একাধিক উদ্ধারকারী দল সমুদ্রে তল্লাশি চালাচ্ছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, নিখোঁজ হওয়ার আগে জাহাজটির ক্যাপ্টেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং জাহাজটি প্রচণ্ডভাবে দুলছিল। এরপরই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে বৈরী আবহাওয়া, প্রবল বাতাস ও বড় বড় ঢেউয়ের কারণে উদ্ধারকাজে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিখোঁজ ১৪০ যাত্রীর সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।
এর আগে গত সোমবারও ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশে মাউন্ট ক্রাকাটোয়ার কাছে একটি স্পিডবোট নিখোঁজ হয়। ওই নৌযানে পাঁচ সাংবাদিকসহ আটজন ছিলেন। পরপর এমন দুটি ঘটনায় দেশটির সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।