মুজিবনগর প্রতিনিধি।।
মেহেরপুরের মুজিবনগরে ইটভাঙা মেশিন উল্টে লিখন হোসেন (২৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত লিখন হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহত লিখন হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সমিতির কার্যালয় থেকে কয়েকজন শ্রমিক একটি ইটভাঙা মেশিন নিয়ে আনন্দবাস গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বল্লভপুর গ্রামের সমিল এলাকায় পৌঁছালে মেশিনটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে মেশিনটি উল্টে গেলে নিচে চাপা পড়েন লিখন হোসেন।
পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর আহত লিখনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।