ঝিনাইদহ প্রতিনিধি।।
প্রাথমিক শিক্ষা খাতে সেবার মান আরও উন্নত করা এবং বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সনাকের অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) কর্তৃক প্রকল্পের আওতাভুক্ত চারটি প্রাথমিক বিদ্যালয়ে চিহ্নিত উন্নয়নযোগ্য বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় এসিজি সদস্যদের ব্যবহৃত প্যাক্টঅ্যাপ, কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভা থেকে পাওয়া বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি এসব তথ্যের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণে সুপারিশ তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক মতামত ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সনাক ঝিনাইদহের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাঃ আমজাদ হোসেন।

টিআইবির কর্মসূচি বাস্তবায়ন সহকারী মোঃ আকিমুল ইসলাম পলাশের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা উপকমিটির সদস্য মোঃ আবু তাহের এবং সনাকের প্রাথমিক শিক্ষা উপকমিটির আহ্বায়ক নাসরিন ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন সনাক সভাপতি এন. এম. শাহজালাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ কামরুল বাশার উমর ফারুক, ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ ফিরোজ উদ্দীন, ইয়েস সদস্য রেখা রানী দাস, ফাতেমা আফরিন মিম এবং ইয়েস সহদলনেতা ফারদিন আহমেদ মারুফ।