দামুড়হুদা প্রতিনিধি।।

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এক মাদক কারবারি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়রামপুর চায়ের দোকান মোড়ে জয়রামপুর যুব সমাজ মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ সমাবেশ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। আত্মসমর্পণকারী মাদক কারবারিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি মাদক থেকে সম্পূর্ণভাবে দূরে থাকার শপথ করানো হয়।

বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মো. আজিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি মো. মেজবাহ্ উদ্দিন এবং হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে বক্তারা তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদারের আহ্বান জানান। শেষে ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’—এই প্রত্যয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।