মেহেরপুর বারাদি প্রতিনিধি।। মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঘল আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে জেলা ট্রাফিক পুলিশ ও বারাদি ক্যাম্প পুলিশের যৌথ দল নতুন দরবেশপুর এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় চুয়াডাঙ্গার দিক থেকে আসা মোঘল আলীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৩২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মোঘল আলী মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃত তাহাজউদ্দীনের ছেলে।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মেহেরপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।