দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
দর্শনা মেমনগর বিপ্রদাশ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক ফজলুল কাদের, অফিস সহকারী নজরুল ইসলাম ও নৈশপ্রহরী নুর ইসলামকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক আলহাজ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আবুল কাশেম মিল্টন।

সভাপতির বক্তব্যে আলহাজ মশিউর রহমান বিদায়ী শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ কর্মজীবন ও বিদ্যালয়ের প্রতি তাঁদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা তাঁদের অন্যতম বড় সম্পদ। অবসর জীবনে থেকেও তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করতে পারে।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বিদ্যালয়ের দরজা সবসময় উন্মুক্ত থাকবে। তাঁরা বিদ্যালয়ে এসে বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। তাঁদের অভিজ্ঞতাকে কাজে লাগানো গেলে বিদ্যালয় ও সমাজ উভয়ই উপকৃত হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকদের প্রতি সম্মান শুধু কথায় নয়, আচরণ ও মানসিকতার মধ্যেও প্রকাশ পেতে হবে। কোনো শিক্ষক শিক্ষার্থীদের শাসন করলে সেটিকে নেতিবাচকভাবে না দেখে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করে মশিউর রহমান বলেন, বিদ্যালয়ের জন্য তাঁদের দীর্ঘদিনের শ্রম, ত্যাগ ও অবদান শিক্ষার্থী ও সহকর্মীরা দীর্ঘদিন স্মরণ করবে।

বিদ্যালয়ের উন্নয়ন ও জাতীয়করণ প্রসঙ্গে তিনি বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যালয় জাতীয়করণের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে বিবেচনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য ও দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদুর রহমান লিংকন।

এ ছাড়া সহকারী শিক্ষিকা সৈয়দা শামীম আরা, আক্তার জাহান, সাবিনা ইয়াসমিন এবং সহকারী শিক্ষক আশরাফুল আলম, আব্দুল মালেক, আব্দুল কাদের, ফারজানা ইয়াসমিন, হাফিজুর রহমান, আরিফা সুলতানা, আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির রানা, সুজন মিয়া, শামসুন্নাহার, আরাফাত হোসেন, শামীম হোসেন, সুমন আলী, উম্মে হাবীবা মায়াসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়।।