অনলাইন ডেস্ক।।

বাংলাদেশের গ্যাস সরবরাহ বাড়াতে তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। এর অংশ হিসেবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আগামীকাল জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রের আরও চারটি কূপের কাজ শেষ হলে সেখান থেকে প্রায় ৬৭.৫ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর লক্ষ্যে নতুন কূপ খনন এবং বিদ্যমান গ্যাসক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে আমদানি করা গ্যাসের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডে দেশীয় গ্যাসের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

বিজিএফসিএলের কর্মকর্তারা জানান, তিতাস-২৮, ২৯, ৩০ ও ৩১ এবং বাখরাবাদ-১১ নম্বর কূপের খনন ও উন্নয়নকাজ বিভিন্ন পর্যায়ে চলছে। এর মধ্যে তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, তিতাস-২৮ নম্বর কূপটি আগামীকাল উদ্বোধন করা হবে। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। এই কূপ থেকে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন জানান, তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ প্রায় এক মাস আগে শেষ হয়েছে। কূপটির গভীরতা প্রায় ১৩ হাজার ফুট।

তিনি জানান, প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে তিতাস-২৮, ২৯, ৩০ ও কামতা-২ নম্বর কূপ খননের কাজ শুরু হয়েছে। এর মধ্যে তিতাস-২৮ নম্বর কূপ উৎপাদনে যাওয়ার জন্য প্রস্তুত। অন্য কূপগুলোর কাজও দ্রুত শেষ করে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

বিজিএফসিএলের গভীর অনুসন্ধান গ্যাস কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মাহমুদুল নবাব জানান, তিতাস-৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপের খননকাজ চলতি বছরের ১৯ এপ্রিল শুরু হয়েছে। ইতোমধ্যে কূপটির খনন গভীরতা প্রায় ৪ হাজার ৯২০ মিটারে পৌঁছেছে।

তিতাস-৩১ কূপের লক্ষ্যমাত্রা গভীরতা ৫ হাজার ৬০০ মিটার। তবে ভূতাত্ত্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করে এই গভীরতা প্রায় ১০০ মিটার কমবেশি হতে পারে।

মাহমুদুল নবাব বলেন, কূপটির গভীরতা বেশি হওয়ায় খনন ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে তুলনামূলকভাবে বেশি সময় লাগছে। কোনো ধরনের ভূতাত্ত্বিক জটিলতা দেখা না দিলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তিতাস-৩১-এর কাজ শেষ করার আশা রয়েছে।

কূপটি সফলভাবে সম্পন্ন হলে সেখান থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

তিতাস-২৯ নম্বর কূপের মূল খননকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে কূপটিতে লগিংসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম চলছে। এসব কাজ শেষ করে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূপটি উৎপাদনের জন্য প্রস্তুত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তিতাস-২৯ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, তিতাস-৩০ নম্বর কূপের কাজও আগামী তিন থেকে চার মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এই কূপ থেকে দৈনিক প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশা করছে বিজিএফসিএল।

তিতাস-৩১ নম্বর কূপের কাজ শেষ হওয়ার পর বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর গভীর কূপের খননকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিজিএফসিএলের কর্মকর্তারা।

বাখরাবাদ-১১ কূপের লক্ষ্যমাত্রা গভীরতা ৪ হাজার ৫০০ মিটার। তবে প্রয়োজন অনুযায়ী এই গভীরতা প্রায় ১০০ মিটার কমবেশি হতে পারে। কূপটি সফলভাবে খনন ও পরীক্ষা সম্পন্ন হলে এখান থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, তিতাস-২৯, ৩০ ও ৩১ নম্বর কূপ থেকে সর্বোচ্চ প্রায় ৪৫ মিলিয়ন ঘনফুট এবং বাখরাবাদ-১১ নম্বর কূপ থেকে প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে।

এর সঙ্গে তিতাস-২৮ নম্বর কূপের সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হলে পাঁচটি কূপ থেকে দৈনিক সর্বোচ্চ প্রায় ৬৭.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিতাস গ্যাসক্ষেত্রে বর্তমানে আনুমানিক দেড় ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তিতাস-৩১ একটি অনুসন্ধানমূলক কূপ হওয়ায় এর মাধ্যমে নতুন গ্যাস মজুদ আবিষ্কারের সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, তিতাস-৩১ কূপের মাধ্যমে আরও প্রায় ২ টিসিএফ গ্যাস মজুদ যুক্ত হতে পারে। তবে এই পরিমাণ এখনো নিশ্চিত নয়। কূপটির খননকাজ শেষ হওয়ার পর বিভিন্ন স্তরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। পরীক্ষার ফলাফল পাওয়ার পরই নতুন গ্যাস মজুদের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সূত্র: বাসস