অনলাইন ডেস্ক।।
রাঙামাটির কাপ্তাইয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানমের (২৪) মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর সীতার ঘাট এলাকার কর্ণফুলী নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নরসিংদী ও ঢাকা থেকে আসা নয়জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় ভ্রমণ শেষে দুপুর দেড়টার দিকে সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় হাত-মুখ ধোয়ার জন্য তারা কর্ণফুলী নদীতে নামেন।
এ সময় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানম। তার বন্ধু ও সহপাঠী সাইফুল ইসলাম জানান, তারা নিজেদের মতো করে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।
খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ, কাপ্তাই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টার অভিযানের পর বিকেল ৪টা ৪৫ মিনিটে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
কাপ্তাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদীর তলদেশে সানমের মরদেহ পাওয়া যায়। পরে তাকে দ্রুত কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সানম নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে। পরিবারের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে তিনি পরিবারের মুখ উজ্জ্বল করবেন। কিন্তু কাপ্তাইয়ে আনন্দভ্রমণে গিয়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।