আন্তর্জাতিক ডেস্ক।।

যুদ্ধবিমানে বোমা লোডের পরও শেষ মুহূর্তে হুথিদের ওপর হামলা বাতিল করলেন ট্রাম্প
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আস্তানায় মার্কিন বিমান হামলার সব ধরনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিমানে বোমা তোলার পর একেবারে শেষ মুহূর্তে তিনি এই হামলা বাতিলের নির্দেশ দেন।

মার্কিন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ও সামরিক অভিযানের সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।

প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইয়েমেনকে ঘিরে সংঘাতের নতুন আরেকটি ফ্রন্ট খোলার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল ওয়াশিংটন। সম্প্রতি ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করার পাশাপাশি লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালির কৌশলগত পয়েন্টগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করে। ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটনের সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য বারবার আহ্বান জানায়।

তথ্যমতে, হুথিদের বাড়তে থাকা হুমকি নিয়ে গত বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সাথে কথা বলেন। যুবরাজের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাম্প মার্কিন পেন্টাগনকে সম্ভাব্য সামরিক অভিযানের সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এমনকি কমান্ডাররা লক্ষ্যবস্তুর তালিকাও অনুমোদন করেছিলেন এবং নির্ধারিত যুদ্ধবিমানগুলোতে বোমা তোলার কাজও শুরু হয়ে গিয়েছিল।

তবে রোববার অভিযান শুরুর ঠিক শেষ মুহূর্তে হঠাৎ করেই ট্রাম্প তাঁর সিদ্ধান্ত বদলে ফেলেন। সাময়িকভাবে হুথিদের ওপর হামলা চালানো হবে না বলে চূড়ান্ত নির্দেশ দেন তিনি।

এর আগে আয়ারল্যান্ড সফরকালে ট্রাম্প দাবি করেছিলেন যে হুথিরা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সাথে সংঘাত এড়াতে চায় এবং বিষয়টি নিয়ে যোগাযোগও করেছে। অপরদিকে রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান রশিদুল আল-আলিমিও টেলিফোনে ট্রাম্পের কাছে সরাসরি সামরিক সহায়তা চেয়েছেন। তবে সে ক্ষেত্রেও ট্রাম্প তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট আশ্বাস প্রদান করেননি।