চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গা শহরের উপশম ক্লিনিকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে ৪৮ ঘণ্টার জন্য জেলার সব চিকিৎসকের প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সোমবার (২১ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলার চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. হাসানুজ্জামান নূপুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই সময়ে জেলার সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারও বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মালিক সমিতিগুলো।

তবে এ কর্মসূচির আওতামুক্ত থাকবে সরকারি হাসপাতাল। সেখানে চিকিৎসাসহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের খেজমত মোল্লার ছেলে এবং সুবদিয়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবগুল মোল্লা (৫০) মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে তার স্বজনরা উপশম ক্লিনিকে গিয়ে ভাঙচুর করেন।

এ সময় চিকিৎসক ডা. তন্ময়ের মামা ডা. আবু হাসানুজ্জামান নূপুরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার প্রাইভেট চেম্বার বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়।