দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব প্রতিবেদক।।
দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে চালানো অপপ্রচারের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদল। এর অংশ হিসেবে দর্শনা পৌর ও দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি জমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি দর্শনা মুক্তমঞ্চ এলাকা থেকে যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান বাসস্ট্যান্ড বটচত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।
উক্ত বিক্ষোভে উপস্থিত থেকে নেতৃত্ব দেন দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত ও নাইমুর রহমান সবুজ, যুবদল নেতা আলতাফ হোসেন ও জাকির হোসেন। এছাড়া দর্শনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মোফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শোয়েব আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক লিখন হোসেন, যুগ্ম সম্পাদক নাফিজ ইকবাল, মুশফিকুর রহমান সাইফ ও নিসান হোসেন, প্রচার সম্পাদক ফারুক মল্লিক এবং দপ্তর সম্পাদক রাকিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক চক্র পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে এবং জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।