জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দীর্ঘ পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা মামুন হোসেন (৩০) নামের এক ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার উথলী ডিগ্রি কলেজসংলগ্ন একটি পুকুরপাড়ের আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মামুন হোসেন জীবননগরের উথলী আখ সেন্টারপাড়ার আনসার আলীর সন্তান। মরদেহের পরিহিত পোশাক দেখে তার পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুন পেশায় একজন ট্রাকচালক ছিলেন। তবে গত দুই বছর ধরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পরিবারকে না জানিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এবং নিজে নিজে কথা বলা তার নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। বেশ কিছুদিন ধরে তাকে এলাকায় সেভাবে দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

মঙ্গলবার দুপুরে গাছে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। সংবাদ পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এছাড়া উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু ও স্থানীয় ইউপি সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ শুরু করা হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।