ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ১১ বছরের এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। একই গ্রামের এক কিশোরের বিরুদ্ধে এই পৈশাচিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগের বিবরণ থেকে জানা যায়, উপজেলার ভিটেখোলা গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর অর্ক রায় (১৬) একই এলাকার গৌরঙ্গের সন্তান।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে প্রকাশ, সামাজিক সম্মানহানি ও লজ্জার ভয়ে ঘটনার পর প্রথমে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু গত ১৪ এপ্রিল আকস্মিক ভুক্তভোগী শিশুটির শারীরিক অবস্থা মারাত্মকভাবে অবনতি ঘটে। দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। সেখানে টানা চার দিন চিকিৎসাধীন থাকার পর শিশুটিকে বাড়িতে আনা হয়।
এই পৈশাচিক ঘটনার বিচার চেয়ে গত ১৯ এপ্রিল শিশুটির পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর থেকেই তত্তিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রানা প্রতাপ নিবিড়ভাবে বিষয়টি তদন্ত করে যাচ্ছেন।
এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্তের প্রভাবশালী পরিবার ঘটনাটি ধামাচাপা দিতে এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার জন্য বিভিন্ন মহলে চাপ সৃষ্টি করছে। তবে এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী।