আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক(অ:দা:) ফাহমিদা সুলতানা। সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায়,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, ওসি (তদন্ত), উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিজিবি প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের উন্নয়ন , সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। সভায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে মন্ডপ তৈরীর কাজ চলছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের করনীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। মাদক,জুয়া,ক্যাসিনো নিয়ন্ত্রণ, অটোবাইক ও অটোভ্যানের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট নিয়ে আলোচনা হয় । সভাপতির বক্তব্যে ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরো বেশী সক্রিয় ভুমিকা রাখতে হবে। সকল প্রকার অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সভা শেষে আটোয়ারী উপজেলায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামানকে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।