খেলাধুলা ডেস্ক।।
ফিফা আসিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমে তিন গোলে হেরেছিল থমাস ডুলির শিষ্যরা।

‘এ’ গ্রুপে ২ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ। আজকের হারে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে খেলাও কঠিন হয়ে পড়ল বাংলাদেশের জন্য। ২ ম্যাচে ১ জয় ও ১ হার নিয়ে ‘এ’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে তিনে সিঙ্গাপুর।

আজ সোমবার বাংলাদেশের কোচ সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচের শুরুর একাদশে চারটি পরিবর্তন এনেছেন। একাদশে ঢুকেছেন জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। আর বাদ পড়েছেন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।

ম্যাচের প্রথম ১৫ মিনিটে বল নিয়ে বেশ কয়েকবার প্রতিপক্ষের গোলবারের দিকে ধাবিত হন সুকি-রাকিবরা। কিন্তু প্রতিবারই ডি-বক্সের সামনে গিয়ে খেই হারিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। প্রথমার্ধে বাংলাদেশ কোনো শটই নিতে পারেনি।

সিঙ্গাপুর প্রথমার্ধে বাংলাদেশের গোলবারে মোট পাঁচটি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে ছিল চারটি শট। তাতে গোল এসেছে একটি। ৩৫তম মিনিটে মাঠের বামদিক আব্দুল্লাহ নুরের ক্রস থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে শট মারেন স্টেয়ার্ট। বল জালে জড়িয়ে গেলেও দাঁড়িয়ে নিরব দর্শকের মতো দেখতে থাকেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ৬৪তম মিনিটে সিঙ্গাপুরের রক্ষণে আক্রমণ শমিত সোমের। কিন্তু বল দখলে রাখতে পারলেন না।

বদলি নামা ফাহামিদুল ৭৯ মিনিটে বাঁ উইং ধরে আক্রমণে উঠে ক্রস করেছিলেন রাকিবকে। তার হেড ঠেকান সিঙ্গাপুর গোলকিপার। আর গোল না হওয়ায় শেষ পযন্ত ১-০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী ১ অক্টোবর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।