বিনেদোন ডেস্ক।।

দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে তুলনামূলক অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন সময় নিজের ব্যক্তিগত জীবন, পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে ভক্তদের সঙ্গে কথা বলতে দেখা যায় এই অভিনেত্রীকে।

সম্প্রতি একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ এবং বেড়ে ওঠার সময়কার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন সাদিয়া জাহান প্রভা। সেখানে তিনি জানান, একটা সময় তার পছন্দ ছিল এমন ছেলেরা, যারা জীবনে অভাব-অনটনের মধ্য দিয়ে বড় হয়েছেন।

নিজের পছন্দের প্রসঙ্গে প্রভা বলেন, “আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল একসময়।” তিনি জানান, কারও জীবনের কষ্ট ও অভাবের গল্প শুনলে সেটি তাকে বিশেষভাবে প্রভাবিত করত।

শৈশব ও বেড়ে ওঠার সময়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন প্রভা। তার ভাষ্য অনুযায়ী, একটা সময় তিনি অনেকটা লাজুক ও সরল স্বভাবের ছিলেন। এমনকি ঠিকভাবে কথাও বলতে পারতেন না। আমতা আমতা করে কথা বলার কারণে অনেক সময় তার কথা পুরোপুরি বোঝাও যেত না।

প্রভা আরও জানান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং পরিচিতজনদের কাছ থেকে ছোটবেলা থেকেই অতিরিক্ত আদর-যত্ন পেয়েছেন। বন্ধুদের বাবা-মায়ের কাছ থেকেও পেয়েছেন ভালোবাসা। এ কারণে তার পরিপক্বতা বা ম্যাচিউরিটি কিছুটা দেরিতে এসেছে বলে মনে করেন তিনি। অভিনয়ে আসার পর ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলা ও নিজের ভাবনা প্রকাশ করতে শিখেছেন বলেও জানান অভিনেত্রী।

এদিকে অভিনয়ে নিয়মিত না থাকলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি দুটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

এর মধ্যে একটি হলো নির্মাতা সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশ কিছু অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং চলতি সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া প্রভার হাতে রয়েছে ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমা। জানা গেছে, দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। ফলে নতুন দুটি সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় প্রভাকে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।