মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে মাদকবিরোধী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জামালপুর শহরের কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেললাইন সংলগ্ন খেলার মাঠে চন্দ্রা যুব সমাজের আয়োজনে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. লিয়ন আহম্মেদ ও ঢাকার স্টাইলিশ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নয়ন আহম্মেদ। জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্ব) মো. আতিকুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ। জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শামীম আহম্মেদ খেলাটির উদ্বোধন করেন।

প্রীতি ম্যাচে বিবাহিত ফুটবল একাদশ ও অবিবাহিত ফুটবল একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে বিবাহিত দল ৪টি এবং অবিবাহিত দল ৫টি গোল করে। ফলে ৫-৪ গোলে অবিবাহিত ফুটবল একাদশ জয়লাভ করে।

খেলা পরিচালনা করেন শেরপুরের নারী ফুটবলার মোছা. ভাবনা আক্তার। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন পাথালিয়া ক্লাব উত্থানের সাধারণ সম্পাদক মমতাজুর রহমান বাদশা। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় ‘আমাদের গ্রাম আমাদের ভাবনা’ সংগঠনের সভাপতি আরিফিন রাসেল মঞ্জু, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সাত্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। হাজারো দর্শক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খেলাটি উপভোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, বর্তমানে যুব সমাজের একটি অংশ যেভাবে বিপথগামী হচ্ছে, তাদের সঠিক ও সুন্দর পথে ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুব সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, “আমরা চাই যুব সমাজ খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে থাকুক। মাদকের বিরুদ্ধে আগামী দিনগুলোতে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবিলা করব।”

তিনি আরও বলেন, বর্তমান সময়ে তাদের নেতা তারেক রহমান খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ খেলাধুলার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি মেয়র প্রার্থী হিসেবে তিনি সবার সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।