দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
প্রযুক্তি, আধুনিক উদ্ভাবন এবং উচ্চমানের দক্ষ মানবসম্পদের সমন্বয়ে আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে দেশের শিল্প ও সেবা খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে প্রদত্ত এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), অটোমেশন, রোবোটিক্স, আইওটি (IoT) ও ডেটা অ্যানালিটিক্সের মতো উদীয়মান প্রযুক্তিগুলো বিশ্বজুড়ে শিল্প কাঠামোর ব্যাপক পরিবর্তন আনছে। এই বৈশ্বিক পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ইশতেহার অনুযায়ী, সরকার রূপকল্প বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “উদ্ভাবনকে উৎসাহিত করি, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলি। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি উৎপাদনশীল, উদ্ভাবনী, দক্ষ ও টেকসই শিল্প অর্থনীতিতে পরিণত করি।”
এ ছাড়া শ্রমিকের সার্বিক কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ, গবেষণা এবং এসএমই (SME) ও স্টার্টআপ খাতে বিনিয়োগের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।