দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলা ও মারধরের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত কাজে বাধা প্রদান ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ বাতিলপূর্বক এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই সিদ্ধান্তের অনুমোদন দেন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যালয় সূত্রে সহকারী দপ্তর সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিস্কৃত কোনো ব্যক্তির অপকর্মের দায়িত্ব দল নেবে না এবং তাঁর সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশসহ আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা চত্বরে ইসমাইল হোসেন তাঁর ব্যক্তিগত গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে থানার ওসির গাড়িচালক কনস্টেবল মো. শফিকের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হন। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে কনস্টেবল শফিককে পিটিয়ে আহত করেন। পরে সহকর্মীরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার পর পরই যুবদল নেতাকে আটক করা হলেও পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।