বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালন এবং খ্যাতনামা দক্ষিণ ভারতীয় পরিচালক আর বাল্কি। আইকনিক চলচ্চিত্র ‘পা’ মুক্তির প্রায় ১৭ বছর পর আবারও এক হতে যাচ্ছেন তারা।
২০০৯ সালে নির্মিত সাড়াজাগানো ওই ছবির পর এবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি তামিল প্রজেক্টের মাধ্যমে পর্দায় ফিরছেন ।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ক্রিপ্ট হাতে শুটিং পেছনের দৃশ্য শেয়ার করে আনুষ্ঠানিকভাবে এই নতুন যাত্রার ঘোষণা দেন বিদ্যা নিজেই।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ৪৭ বছর বয়সি এই অভিনেত্রীকে চশমা পরা ও পরিপাটি বেণী বাঁধা লুকে মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়তে দেখা গেছে। ছবির ক্যাপশনে বিদ্যা লেখেন, ‘নতুন সূচনা, আর বাল্কির সঙ্গে নতুন তামিল ছবি।’
আরও পড়ুন
অভিনেত্রীর এই পোস্টের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হওয়ার প্রাথমিক ইঙ্গিত মিললেও এর নাম কিংবা মূল গল্প নিয়ে এখনই কিছু জানাননি নির্মাতারা। ২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘পা’ সিনেমায় অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন বিদ্যা। দীর্ঘ ১৭ বছর পর তাঁদের এই পুনর্মিলন নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ইতিবাচক কৌতূহল তৈরি হয়েছে।
চলতি ২০২৬ সালের শেষভাগে বেশ কয়েকটি বিগ বাজেটের বাণিজ্যিক ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা বালন। মেগাস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে অভিনয় করছেন তিনি, যেখানে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে তার চরিত্রের ফার্স্ট লুক টিজার। ছবিটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এছাড়া, পরিচালক আনিস বাজমির নাম ঠিক না হওয়া একটি কমেডি-ড্রামা ছবিতে অক্ষয় কুমার ও রাশি খান্নার সঙ্গে দেখা যাবে তাকে। কেরালায় প্রথম ধাপের শুটিং শেষ হওয়া এই সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর পেক্ষাগৃহে আসবে।