দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) ভোরের দিকে ৪৭ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর সীমান্তের মন্ডলপাড়ার মাঠে কৌশলগত অবস্থান নেয়। এ সময় চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ২৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩২০ পিস ভারতীয় চকলেট বাজি জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা।
ঘটনার সত্যতা সুনিশ্চিত করে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
জব্দ করা মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।