দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাঝপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শিশু সিয়াম তার সমবয়সী চাচাতো ভাই সাইমের সঙ্গে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে অসাবধানতাবশত সিয়াম পিচ্ছিল পাড় থেকে হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা শিশু সাইম দ্রুত দৌড়ে বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। কিছু সময় পর সিয়ামকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। কোমলমতি এই শিশুর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দীন জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।