মোঃ আব্দুর রহমান অনিক:
দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন দর্শনা পৌরসভার তৃতীয় প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
যোগদান অনুষ্ঠানে পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন বলেন, দর্শনা পৌরসভায় আমার প্রথম কাজ হবে নাগরিক সেবার মান বৃদ্ধি করা। কোনো সেবাগ্রহীতা যেন অফিসে এসে কোনো ধরনের বাধার সম্মুখীন না হন। আমরা সবাই নিজ দায়িত্ববোধ থেকে যথাসময়ে উপস্থিত হয়ে জনসেবা নিশ্চিত করব। কোনো কর্মকর্তা বা কর্মচারীর গাফিলতিতে নাগরিকেরা যেন সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আমার কঠোর দৃষ্টি থাকবে।
তিনি আরও বলেন, “হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং হাট-বাজারের ইজারা পৌরসভার মূল চালিকাশক্তি। সংশ্লিষ্ট শাখায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা ট্যাক্স ও লাইসেন্স আদায়ে বিশেষ নজর দেবেন, যাতে পৌরসভার নিজস্ব আয় বৃদ্ধি পায়।”
উল্লেখ্য, এর আগে গত ১৮ আগস্ট স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪-এর ৪২(ক) ধারা অনুযায়ী প্রজ্ঞাপনমূলে তাকে দর্শনা পৌরসভার প্রশাসক হিসেবে মনোনীত করা হয়।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাজেদুল আলম, প্রধান সহকারী শাহ আলম শাহ, কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরেফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, সহকারী কর আদায়কারী গোলাম কিবরিয়া ও কনজারভেন্সী ইন্সপেক্টর মোমিনুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।