কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে ব্যাটারিচালিত ইজিবাইকের (টমটম) চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৭) নামের এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবীদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি অবকাশ যাপনে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
সৈকতে দায়িত্বরত জেলা প্রশাসনের পর্যটন সেলের কর্মী মাহবুব আলম জানান, ইজিবাইকে করে চলাচলের সময় হঠাৎ ওই পর্যটকের গায়ের ওড়না চলন্ত গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।