দামুড়হুদা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক অভিযান চালিয়ে হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার-এর সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারদের মধ্যে কার্পাসডাঙ্গার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. খাইরুল ইসলাম ওরফে খাইরুল্লাহ (৩৫) রয়েছেন। তিনি কার্পাসডাঙ্গা মাঝপাড়ার মৃত হেলা ফকিরের ছেলে। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩০২, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
এ ছাড়া ৬ জুন ২০২৬ তারিখে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মো. রাশেদুল ইসলাম (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী এবং দেউলি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
পুলিশ আরও জানায়, বিভিন্ন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন উজিরপুর খলিফাপাড়ার হাফিজুল (৫১), পুরাতন হাউলীর সুমন হোসেন (৩৮) এবং বোয়ালমারী মাঝপাড়ার কামিদুল ইসলাম (২৭)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হাফিজুলের বিরুদ্ধে ক্রিঃ আদালত-৩৯২/২৩, সুমন হোসেনের বিরুদ্ধে সিআর-৪৭৩/২৩ এবং কামিদুল ইসলামের বিরুদ্ধে সিআর-৪২৬/২৬ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।