জীবননগর প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ খালেদের নেতৃত্বে আন্দুলবাড়িয়া বাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪২ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ খালেদ বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ পণ্যের বিক্রি বন্ধে এ ধরনের তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।