কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে জান্নাতুত তাজমীন (১৩) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে পড়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
নিহত জান্নাতুত তাজমীন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা একটি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে সপরিবারে দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।