সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার লিটার মদ তৈরির উপকরণ, ১০ লিটার চোলাইমদ ও নগদ ১ লাখ ৭৭ হাজার ৬৫০ টাকাসহ ফুলমতি রবিদাস (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার ফতেহপুর পূর্বপাড়া গ্রামে তাঁর নিজ বসতঘরে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ফুলমতি রবিদাস ওই গ্রামের মৃত হরিলাল রবিদাসের মেয়ে এবং মৃত সাধু রবিদাসের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ফুলমতির বসতঘর তল্লাশি করে ১০ লিটার চোলাইমদ, ১ হাজার লিটার ওয়াশ বা মদ তৈরির কাঁচামাল এবং নগদ ১ লাখ ৭৭ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ২৪(ক) ও ৩৭ ধারায় বিশ্বম্ভরপুর থানায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান সজীব মামলাটির বাদী।