যশোর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদ্যাপন উপলক্ষে যশোর পৌরসভার উদ্যোগে স্থানীয় পূজা পরিষদ ও মণ্ডপ পরিচালনাকারী কমিটির নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে পৌর এলাকার ৪৭টি সার্বজনীন পূজামণ্ডপের অনুকূলে মোট ২ লাখ ৮২ হাজার টাকার আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় যশোর পৌরসভা সভাকক্ষে অনুদান হস্তান্তর ও এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় পূজা উদ্যাপন পরিষদের নেতারা মণ্ডপগুলোর আশপাশের রাস্তাঘাট মেরামত, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার বিষয়সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পৌর প্রশাসক তাঁর বক্তব্যে নেতাদের আশ্বস্ত করে বলেন, “পূজা শুরুর আগেই মণ্ডপগামী প্রতিটি সড়ক চলাচলের উপযোগী করা হবে। পাশাপাশি পৌর এলাকার পরিচ্ছন্নতা জোরদার এবং পর্যাপ্ত আলো-ঝলমলে পরিবেশ নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোডিয়া, নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা রবীন্দ্রনাথ রাহা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা উত্তর কুমার কুণ্ডু।
সভায় আরও বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক রতন আচার্য, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ফ্রন্টের যুগ্ম সম্পাদক অধ্যাপক অলোক কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার ও পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ।
এ সময় পৌরসভার সহকারী প্রকৌশলী মোখলেসুর রহমান, জুবাউর রহমানসহ জেলা ও পৌর শাখা পূজা উদ্যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে আমন্ত্রিত ৪৭টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।