দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঘরের বাঁশের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রুহিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাম বাবু রায়ের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কশালগাঁও (সেনপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোছা. লাভলী বেগম (২৩) ও মোছা. মুসিদা বেগম (৫৫)। তবে এ ঘটনায় মূল অভিযুক্ত মো. মোকসেদুল ইসলাম (৩১) নামের এক চিহ্নিত মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বসতঘরের টিনের বেড়ার সঙ্গে বাঁধানো একটি ফাঁপা বাঁশের ভেতর থেকে ৯টি নীল রঙের বিশেষ জিপার ব্যাগে লুকানো ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে পলিথিনে মোড়ানো কয়েকটি ছোট-বড় পুটলি থেকে মোট ৮ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী জানান, “আটক নারী কারবারিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান জোরদার রয়েছে।”