আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি চাষের মাত্র ১৫০ টাকা বকেয়া মজুরি নিয়ে বিরোধের জেরে সালাম মালিথা (৪৭) নামের এক শ্রমিককে মাথায় কাঠের টুকরো দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর) বিকেলে আলমডাঙ্গার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম আরিফ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে জমি চাষের কাজ শেষে মজুরির মাত্র ১৫০ টাকা বকেয়া পাওনা চাওয়াকে কেন্দ্র করে আরিফের সঙ্গে সালাম মালিথার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরিফ একটি ভারী কাঠের চলা দিয়ে সালামের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়ায় পৌঁছানোর পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সামান্য ১৫০ টাকার জন্য এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।