দৈনিক পদ্মা সংবাদ আবহাওয়া ডেস্ক:
দেশের আবহাওয়ায় দেখা যাচ্ছে বৈচিত্র্যময় রূপ। কোথাও ভোরের আলোয় ধোঁয়াশা বা হালকা কুয়াশার আবেশ, আবার দিনের রোদে গরমের অনুভূতি। তবে আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত অনুভব হতে পারে এবং ডিসেম্বরের শুরুতেই দেশজুড়ে পুরোদমে শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে দেশের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার সময় আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, সাধারণত দিনের তাপমাত্রা ২০ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে শীতের অনুভূতি তৈরি হয়। বর্তমানে দিনের বেলা কিছুটা গরম থাকলেও ভোর ও রাতের দিকে মৃদু শীতল হাওয়া বইতে শুরু করেছে।
তিনি জানান, হেমন্তের শেষভাগে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময়ে সারা দেশেই হালকা শীতের অনুভূতি শুরু হবে। পরবর্তীতে ডিসেম্বর মাস থেকে শীতের তীব্রতা বা প্রকোপ ক্রমান্বয়ে বাড়তে পারে। তবে ‘এল নিনো’র (El Niño) প্রভাব থাকায় এ বছর শীতের আমেজ অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। দেশের কোনো নির্দিষ্ট অঞ্চলে কুয়াশা বা শীতের মাত্রা কেমন হবে, তা ওই সময়ের বায়ুমণ্ডলের পরিস্থিতির ওপর নির্ভর করবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সূত্রে জানা গেছে, পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।