সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে চড়াদামে বিক্রি করা ৭০ বস্তা সার হাতেনাতে ধরে ফেলেছেন সচেতন এলাকাবাসী। পরবর্তীতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং জব্দ করা সার কৃষকদের মাঝে সরকারি দামে বিক্রি করে দেয়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের অনুমোদিত সার ডিলার মো. আমজাদ হোসেন আঞ্জু কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফার লোভে ৫০ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার মাগুড়া ইউনিয়নের এক ব্যক্তির কাছে গোপনে বিক্রি করে দেন।

গত বৃহস্পতিবার সারবোঝাই চারটি ভটভটি তাড়াশ সদরের জিকেএস এলাকা অতিক্রম করার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা গাড়ি থামিয়ে চালকের কাছে জানতে চাইলে চালক জানান, সারগুলো পৌষার বাজারের আঞ্জু ডিলারের দোকান থেকে আনা হয়েছে। পরে আঞ্জুকে বিষয়টি নিয়ে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি সার বিক্রির কথা অস্বীকার করেন।

পরিস্থিতি টের পেয়ে স্থানীয়রা বিষয়টি তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেন। খবর পেয়ে ইউএনও দ্রুত ঘটনাস্থলে গিয়ে সারগুলো প্রশাসনিক জিম্মায় নেন। পরবর্তীতে পুলিশি সহায়তায় ডিলার আমজাদ হোসেনকে হাজির করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দকৃত সারগুলো উপস্থিত স্থানীয় চাষিদের মাঝে নির্ধারিত সরকারি মূল্যে বিক্রি করা হয়।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত জাহান জানান, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার অর্থ ও সার বিক্রির সমুদয় টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।