দামুড়হুদা প্রতিনিধি:

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়রামপুর রেলস্টেশন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে ইউএনও নিজেই ঝাড়ু হাতে নিয়ে প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

অভিযানকালে জয়রামপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও সংযোগ সড়কের ঝোপঝাড়, ড্রেন এবং জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননক্ষেত্র হিসেবে ব্যবহৃত পরিত্যক্ত ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র, বোতল ও টায়ার অপসারণ করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে ইউএনও লাভলী ইয়াসমিন উপস্থিত সাধারণ মানুষ ও ট্রেনযাত্রীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “কেবলমাত্র সরকারি উদ্যোগ দিয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়; এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের ব্যক্তিগত সচেতনতা। আমরা যদি যার যার বসতবাড়ি, আঙিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তবে এডিস মশার বংশবিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব।”

তিনি জয়রামপুর বাজার ও স্টেশন এলাকার ব্যবসায়ী ও অধিবাসীদের বাসাবাড়ি কিংবা দোকানপাটে কোথাও যেন জমে থাকা পানি না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

অভিযানে দামুড়হুদা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউপি সদস্য রওশনারা রানী, ইউপি প্রতিনিধি, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং এলাকাবাসী অংশ নেন।

প্রশাসনের এমন জনহিতকর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, রেলস্টেশনের মতো জনবহুল স্থানে এ ধরনের নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলে মশার উপদ্রব কমার পাশাপাশি যাত্রী সাধারণের চলাচলের মনোরম পরিবেশ বজায় থাকবে।