চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে সার পাচার এবং বিক্রয়ের সঠিক হিসাব ও রসিদ সংরক্ষণ না করার অপরাধে দুই সার ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৮ অক্টোবর) চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে এই জরিমানা আদায় ও দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলামের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সার বাজারে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নেহালপুর কৃষ্ণপুর বাজারের মেসার্স রানা ট্রেডার্সকে নির্ধারিত সীমানার বাইরে অবৈধভাবে সার পাচারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, হিজলগাড়ী বাজারের বাবুল ট্রেডার্স সার বিক্রির সঠিক হিসাব ও ক্যাশ মেমো সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সারের বাজারে কৃত্রিম সংকট তৈরি রোধ এবং প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।