বিশেষ প্রতিনিধি:

অস্ত্র হাতে বিতর্কিত মাদকবিরোধী অভিযানে নেমে সমালোচনার মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সরকার-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমন খবর চাউর হলেও ইশরাক হোসেন নিজে এবং তাঁর দপ্তর থেকে বিষয়টিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও গুজব’ বলে দাবি করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে ডেকে নিয়ে পদত্যাগের নির্দেশ দেন বলে একাধিক সূত্রে জানা যায়। তবে রোববার রাত পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ঘটনার সূত্রপাত শনিবার, যখন রাজধানীর গেন্ডারিয়া এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নিজে সশরীরে মাদকবিরোধী অভিযানে নামেন প্রতিমন্ত্রী ইশরাক। ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সরকার ও তাঁর নিজ রাজনৈতিক দলের ভেতরে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়। সরকারসংশ্লিষ্টদের মতে, মাদকবিরোধী অভিযানের প্রয়োজনীয়তা থাকলেও একজন প্রতিমন্ত্রীর নিজে অস্ত্র হাতে মাঠে নামা ও নেতৃত্ব দেওয়া প্রশাসনিক শিষ্টাচারবহির্ভূত।

অন্যদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুকে এক বিবৃতিতে ইশরাক দাবি করেন, অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারিদের সম্ভাব্য সশস্ত্র হামলার আশঙ্কায় আত্মরক্ষার্থেই তিনি ও তাঁর নিরাপত্তাকর্মীরা অল্প সময়ের জন্য বৈধ অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। তবে ওয়ারী বিভাগ পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযানের বিষয়ে পুলিশ আগে থেকে অবহিত ছিল না। বর্তমানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুরো ঘটনাটি তদন্ত করছে।

এদিকে, পদত্যাগের নির্দেশের সংবাদ প্রকাশের পরপরই তা প্রত্যাখ্যান করেছে প্রতিমন্ত্রীর দপ্তর। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানানো হয়—প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ বা তাঁর পদত্যাগের খবরটি সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। ভুল তথ্য প্রচার না করে গণমাধ্যমগুলোকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।