ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে আত্মীয়তার পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। শিরিনা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে এ চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, যাদবপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী ও তাঁর স্ত্রী বাড়িতে না থাকার সুযোগ নেন অভিযুক্ত শিরিনা। তিনি পূর্বপরিচিত বা আত্মীয়তার পরিচয়ে ওই বাড়িতে প্রবেশ করেন এবং সুযোগ বুঝে ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরি করে পালিয়ে যান।

অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত শিরিনা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার বলগাছি গ্রামের মিলন মিয়ার স্ত্রী।

ঘটনার বিষয়ে মধুহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী জানান,কোরবান আলী একজন সহজ-সরল মানুষ। আত্মীয়তার সুযোগ নিয়ে শিরিনা নামের ওই নারী তাঁর বাড়ি থেকে নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে গেছেন বলে আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নিতে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।