দামুড়হুদা প্রতিনিধি:
চোখভরা স্বপ্ন আর বুকভরা আশা নিয়ে ফুলকপি চাষ করেছিলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের কৃষকেরা। কিন্তু ক্ষেতে পচন দেখা দেওয়ায় একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে উৎপাদিত ফসল। এতে চরম হতাশা ও আর্থিক সংকটে পড়েছেন স্থানীয় চাষিরা।
কৃষকদের অভিযোগ, জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও সেচ বাবদ প্রচুর অর্থ ব্যয় করে ভালো ফলনের আশা করেছিলেন তাঁরা। কিন্তু পচন রোগ তাঁদের সেই স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেমায়েতপুর গ্রামের কৃষক শরিফুল ইসলামের ফুলকপি ক্ষেতে পচন ধরে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তাঁর প্রায় ৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। একই গ্রামের কৃষক ফারুক (পিতা: ইসমাইল হাজী) প্রায় ৪ বিঘা জমিতে ফুলকপির চাষ করেছিলেন। পচনে তাঁর জমির ফসল নষ্ট হয়ে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া কৃষক মুকুল শেখের (পিতা: হালিম মোল্লা) প্রায় ৩ বিঘা জমির ফুলকপি পচে নষ্ট হওয়ায় তাঁরও আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এই তিন কৃষকেরই মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা।
ফুলকপি চাষ একটি অত্যন্ত ব্যয়বহুল কৃষিকাজ। জমি তৈরি থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে প্রচুর অর্থ ও শ্রম ব্যয় হয়। অনেক কৃষকই বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এই চাষ করেছেন। কিন্তু ফসল ঘরে তোলার আগেই তা নষ্ট হয়ে যাওয়ায় সেই ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে বড় বিপাকে পড়েছেন তাঁরা।
এমতাবস্থায় দ্রুত পচনের কারণ নির্ণয় করে প্রয়োজনীয় পরামর্শ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সহায়তার দাবি জানিয়েছেন হেমায়েতপুরের ভুক্তভোগী চাষিরা।