গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে বাড়ির উঠানে খেলাধুলার সময় পানি ভর্তি বালতিতে পড়ে পলাশ আহমেদ (১১ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের মো. হারুন বলী ও পপি বেগম দম্পতির সন্তান।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে শিশু পলাশ বাড়ির উঠানে খেলা করছিল। ওই সময় তার মা পপি বেগম উঠানেই গরুর গা ধোয়ানোর কাজে ব্যস্ত ছিলেন। কোনো এক ফাঁকে শিশুটি অসাবধানতাবশত পাশে থাকা একটি পানি ভর্তি বালতিতে মুখ থুবড়ে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে মা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাসেল রানা জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ষোলটাকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম সুজা বলেন, “বাড়ির উঠানে খেলার সময় অসাবধানতাবশত বালতির পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।